মুন্সিগঞ্জে গৃহবধুকে ধর্ষণের অভিযোগ

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতা হিসেবে পরিচিত এক যুবকের বিরুদ্ধে। গত শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী নারী। অভিযোগ রয়েছে, ঘটনাটি ধামাচাপা দিতে গত শনিবার বিকেলে ওই গৃহবধূ ও তাঁর স্বামীকে ভয়ভীতি দেখিয়ে অন্যত্র সরিয়ে নেয় অভিযুক্ত ব্যক্তির পরিবারের লোকজন।

ভুক্তভোগী গৃহবধূ (১৪) ও তাঁর স্বামীর (২৫) বাড়ি গাইবান্ধা জেলায়। আলু তোলার মৌসুমে কাজের জন্য তাঁরা টঙ্গিবাড়ীতে এসেছিলেন। অভিযুক্ত ব্যক্তির নাম রিভান আহম্মেদ ওরফে বাবু মোল্লা। তিনি নিজেকে যুবলীগের নেতা হিসেবে পরিচয় দিতেন। গত বছরের ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের সময় তিনি নিজেকে ইউনিয়ন যুবলীগের নেতা হিসেবে পরিচয় দিয়ে নৌকার প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলির পক্ষে পোস্টারও সাঁটিয়েছিলেন।

ভুক্তভোগী গৃহবধূর স্বামী জানান, আলুর মৌসুমে কাজ করতে তিনি এই উপজেলায় এসেছিলেন। রান্নাবান্নায় সহযোগিতার জন্য স্ত্রীকেও সঙ্গে এনেছিলেন। যুবলীগ নেতা রিভানের এক আত্মীয়ের বাড়িতে ভাড়া থাকতেন তাঁরা। শুক্রবার বিকেলে স্ত্রীকে ঘরে একা রেখে কাজের টাকা আনতে যান স্বামী। তখন ওই বাড়িতে কোনো মানুষ ছিল না। এ সময় একা পেয়ে তাঁর স্ত্রীকে ধর্ষণ করেন রিভান।

ভুক্তভোগী দম্পতি শনিবার দুপুরে জানান, বিষয়টি কাউকে বললে তাঁদের মেরে ফেলার হুমকি দিয়েছেন রিভান। এখন বিচার–সালিস করে বিষয়টি মীমাংসা করতে চাচ্ছেন তাঁরা। খোঁজ নিয়ে জানা যায়, শনিবার দুপুরের পর থেকে ভুক্তভোগী দম্পতিকে ওই এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় রিভান আহম্মেদের পরিবারের লোকজন। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রিভানের পরিবার খুব প্রভাবশালী। সরকার পতনের পরও তাঁর পরিবার বহাল তবিয়তে আছে। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে রিভান আত্মগোপন করেছেন। তাঁর বাবা ওই নারী ও তাঁর স্বামীকে হুমকি দিয়ে এলাকা থেকে সরিয়ে দিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত রিভানের মুঠোফোনে ফোন করলে সাংবাদিক পরিচয়ে পেয়ে ফোন কেটে দেন তিনি। পরে ফোন করা হলে তিনি ধরেননি। এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিদুল ইসলাম গতকাল রাতে জানান, ‘ঘটনাটি জানতে পেরে ওই পরিবার যেখানে থাকত, সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। তবে পরিবারটি সেখানে ছিল না। তাঁদের কোনো হদিসও পাওয়া যাচ্ছে না। পরিবারটিকে খুঁজে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়েছে। অনেকেই অভিযুক্ত ব্যক্তির দ্রুত গ্রেফতার ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: পটুয়াখালীতে চার বছরের শিশু ধর্ষণের মর্মান্তিক ঘটনা: চাচাতো ভাই গ্রেপ্তার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top