Azgar Ali

ডিসি মাসুদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের দাবিতে শাহবাগ থানা ঘেরাও করলেন ঢাবি শিক্ষার্থীরা

ডিসি মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর ওপর পুলিশের কথিত হামলার ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনার দাবিতে শাহবাগ থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। তারা ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এর নৃবিজ্ঞান বিভাগের ২৯তম ব্যাচের শিক্ষার্থীরা শাহবাগ থানা চত্বরে জড়ো হয়ে এ কর্মসূচি শুরু করেন। থানার সামনে অবস্থান নিয়ে তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানান।

শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী, আগের দিন সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর কোনো কারণ ছাড়াই পুলিশ হামলা চালায়। তারা দাবি করেন, নাইমুদ্দীন কোনো অপরাধে জড়িত ছিলেন না, তবুও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্ন তোলেন—রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষকে বিনা কারণে মারধর করার অধিকার পুলিশ কে দিয়েছে? জনসাধারণ কি নিরাপদে চলাফেরা করতে পারবে না? তারা বলেন, রাস্তা কোনো ব্যক্তিবিশেষ বা বাহিনীর সম্পত্তি নয়। এ ধরনের ঘটনার দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

এ সময় শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—ডিসি মাসুদসহ হামলার সঙ্গে জড়িত সব পুলিশ সদস্যের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, ক্যাম্পাস ও এর আশপাশে অযাচিত ও হয়রানিমূলক পুলিশি তৎপরতা বন্ধ করা এবং বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর নিরাপত্তা ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করা।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও পড়ুন: ফ্যামিলি কার্ড সম্পর্কে বিস্তারিত | কি কি কাগজ লাগবে

Leave a Reply

Scroll to Top