Azgar Ali

আইয়ুব বাচ্চুর একুশে পদক গ্রহণ করলেন স্ত্রী চন্দনা

আইয়ুব বাচ্চুর একুশে পদক গ্রহণ করলে তার স্ত্রী

জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ও অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) একুশে পদক–২০২৬ প্রদান করা হয়েছে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আনুষ্ঠানিক অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ এই বেসামরিক সম্মাননা তুলে দেওয়া হয়।

চলতি বছর সংগীতাঙ্গনে অসামান্য অবদানের জন্য কিংবদন্তি ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু-কে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়। প্রয়াত এই শিল্পীর পক্ষে মর্যাদাপূর্ণ পদক ও সম্মাননা গ্রহণ করেন তার সহধর্মিণী ফেরদৌস আখতার চন্দনা

পদক গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে চন্দনা লেখেন, “এ সম্মাননা শুধু আইয়ুব বাচ্চুর ব্যক্তিগত অর্জন নয়, এটি বাংলা ব্যান্ড সংগীত ও সমগ্র সংগীতাঙ্গনের রাষ্ট্রীয় স্বীকৃতির প্রতিফলন।”

এ বছর মোট ৯ জন গুণী ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে একুশে পদক–২০২৬ প্রদান করা হয়। অভিনয়ে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নৃত্যে অর্থী আহমেদ এবং পালাগানে ইসলাম উদ্দিন পালাকার এই সম্মাননায় ভূষিত হন।

এ ছাড়া সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার জস এবং সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ-কে একুশে পদক প্রদান করা হয়। ব্যান্ডটির পক্ষে দলনেতা শেখ মনিরুল আলম টিপু সম্মাননাটি গ্রহণ করেন।

একুশে পদক–২০২৬ প্রদান অনুষ্ঠানে দেশের সংস্কৃতি, শিল্পকলা ও জ্ঞানচর্চায় অবদান রাখা গুণীজনদের সম্মান জানানো হয়, যা জাতির সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: এন্ড্রু কিশোর: সুরের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম

Leave a Reply

Scroll to Top