Azgar Ali

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ে ১৩ হাজার পদে প্রায় ৭৯ হাজার আবেদন

এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগে বিপুল সাড়া মিলেছে। মোট ১৩ হাজার ৫৫৯টি শূন্য পদের বিপরীতে এখন পর্যন্ত আবেদন জমা দিয়েছেন ৭৮ হাজার ৭১১ জন শিক্ষক। আগ্রহী প্রার্থীরা বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে আবেদন করতে পারবেন।

এবারই প্রথমবারের মতো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ কার্যক্রম পরিচালনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)

এনটিআরসিএর চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, প্রার্থীদের সুবিধার্থে আবেদন করার সময় এক সপ্তাহ বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত আবেদন করা যাবে এবং আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ২৭ ফেব্রুয়ারি মধ্যরাত।

এনটিআরসিএর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে। এ ক্যাটাগরিতে ৩ হাজার ৮৭২টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন ২৬ হাজার ৮২৬ জন প্রার্থী।

আবেদনের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ। ৩ হাজার ৯২৩টি পদে আবেদন জমা দিয়েছেন ১৯ হাজার ৮৩৮ জন শিক্ষক। তৃতীয় সর্বোচ্চ আবেদন পড়েছে ডিগ্রি পাস কলেজের উপাধ্যক্ষ পদে, যেখানে ৬২৭টি শূন্য পদের জন্য আবেদন করেছেন ৬ হাজার ৮২ জন।

এ ছাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের ২০২টি পদে ১ হাজার ২৩৩ জন, কামিল মাদ্রাসার অধ্যক্ষের ৩৪টি পদে ৫৩৩ জন এবং আলিম মাদ্রাসার অধ্যক্ষের ২১৯টি পদের বিপরীতে ১ হাজার ৫১৮ জন আবেদন করেছেন। ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদে ৫৮৪টি শূন্য পদের জন্য আবেদন জমা পড়েছে ৫৫০টি।

উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষের ৫১১টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন ৫ হাজার ৬৩০ জন। পাশাপাশি উচ্চমাধ্যমিক স্কুলের অধ্যক্ষের ২৫৭টি পদে ৩ হাজার ১৮০ জন এবং বিএম কলেজের অধ্যক্ষের ১১০টি পদের বিপরীতে ৭১২ জন প্রার্থী আবেদন করেছেন।

অন্যদিকে ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষের ৩৪৩টি পদে ৯৯৫ জন, কামিল মাদ্রাসার উপাধ্যক্ষের ৫৩টি পদে ৩৯০ জন এবং আলিম মাদ্রাসার উপাধ্যক্ষের ৩৭৭টি শূন্য পদের জন্য আবেদন করেছেন ৭২৫ জন শিক্ষক।

দাখিল মাদ্রাসার সুপার পদে ৮৯৯টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ২ হাজার ৬৪৫টি। দাখিল ভোকেশনাল প্রতিষ্ঠানের সুপার পদে ৪০টি শূন্য পদের জন্য আবেদন করেছেন ৪৯২ জন। এছাড়া দাখিল মাদ্রাসার সহকারী সুপারের ১ হাজার ৪টি পদের বিপরীতে আবেদন করেছেন ২ হাজার ৯৮৭ জন এবং নিম্নমাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকের ৫০৪টি পদের জন্য আবেদন করেছেন ৪ হাজার ৩৭৫ জন।

এনটিআরসিএ জানিয়েছে, প্রার্থীদের নির্বাচন করা হবে মোট ১০০ নম্বরের পরীক্ষার ভিত্তিতে। এর মধ্যে ৮০ নম্বরের নৈর্ব্যক্তিক লিখিত পরীক্ষা, ১২ নম্বরের মৌখিক পরীক্ষা এবং শিক্ষাগত যোগ্যতার সনদের ওপর থাকবে ৮ নম্বর।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে ngi.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে এই নিয়োগ পরীক্ষায় আবেদন করতে পারছেন।

আরও পড়ুন: জুনিয়র বৃত্তি পাচ্ছেন ৪৬ হাজার শিক্ষার্থী, ফল প্রকাশ যেকোনো সময়

Leave a Reply

Scroll to Top